নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা
আর্য গুহ
আমরা যারা রাজনৈতিক ভাবে সচেতন, যারা কম বেশী রাজনীতি সম্বন্ধে সজাগ তাদের প্রত্যেককে মাঝে মধ্যেই একটা কথার সম্মুখীন হতে হয় যে “লেনিন ভারতের জন্য কী করেছে?” বা “কোথায় কোন দেশে নভেম্বর বিপ্লব হয়েছে তাতে ভারতের এবং ভারতীয়দের কী ?” এই প্রশ্নের উত্তর পেতে হলে লেনিনের নেতৃত্বে সংগঠিত হওয়া নভেম্বর বিপ্লব ও বিপ্লবের ফলে গঠিত সোভিয়েত ব্যবস্থার ঐতিহাসিক গুরুত্ব বোঝা অত্যন্ত প্রয়োজন।
যখন একটা মানুষের খুব ক্ষিদে পায়, তখন সে কী করে? তখন সে খাবারের সন্ধান করে নিজের ক্ষিদে মেটানোর জন্য। কিন্তু যখন সমবেত ঐক্যবদ্ধ মানুষের ক্ষিদে পায় তখন সেই গণক্ষিদের ফলে সেই ঐক্যবদ্ধ মানুষ খাবারের সন্ধান তো করেই তার সাথে সাথে সেই ক্ষুধার অবসান যে পথে সম্ভব সেই পথেরও সন্ধান করে। আজ থেকে ১০৯ বছর আগে রাশিয়ায় ঐক্যবদ্ধ মানুষ শোষনের সাম্রাজ্যের অবসানের পথ খুঁজে একটি ব্যবস্থা স্থাপন করেছিল যার নাম “সোভিয়েত”। এই সোভিয়েত ব্যবস্থার কি ঐতিহাসিক গুরুত্ব আছে? যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই মনে করে মানুষের মধ্যে বঞ্চনা এবং বৈষম্য থাকা উচিৎ না। মানুষ এও মনে করেছে যে এই বৈষম্য, ভেদাভেদ বা এই বঞ্চনাই হয়তো স্বাভাবিক। বাস্তবে এটাই বুঝি কাম্য। এই ধারণা পালটে যায় নভেম্বর বিপ্লব উত্তর সোভিয়েত প্রতিষ্ঠার পর থেকে। বৈষম্যহীন বঞ্চনাবিমুখ সমাজ ব্যবস্থা যে বাস্তবে সম্ভব, তা উপলব্ধি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত রাশিয়া ভ্রমণ করে। সেই কারণেই তিনি সোভিয়েত ভ্রমণকে “তীর্থদর্শন” বলে উল্লেখ করেন তার লেখা “রাশিয়ার চিঠি” বইটিতে।।
অর্থাৎ সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার জন্য লেখাপড়া, সবার মাথায় ছাদ ও সবার জন্য চিকিৎসা সুনিশ্চিত করা ব্যবস্থার নামই হলো সোভিয়েত। যদি নভেম্বর বিপ্লবের আগের পৃথিবীর মানচিত্রটা দেখা হয় তাহলে দেখা যাবে গোটা বিশ্বেজুড়ে হাতেগোনা কয়েকটা দেশ ছিল ক্ষমতার কেন্দ্রে আর বাকি তাদের উপনিবেশ(Colony)। আমাদের ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ, হুগলী জেলার চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ, গোয়া ছিল পর্তুগিজ উপনিবেশ। নভেম্বর বিপ্লবের পর থেকে বিশ্বের মানচিত্রটা পালটাতে থাকে৷ গোটা বিশ্বজুড়ে যে উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম চলছিল তাতে প্রাণসঞ্চার করেছিল নভেম্বর বিপ্লব। বিপ্লবী লেনিনের নেতৃত্বে হওয়া নভেম্বর বিপ্লব শিক্ষা দিয়েছিল যে জনগণ এতটাই শক্তিশালী যে তাকে সঠিক দিশায় চালিত করতে পারলে তারা অনেক বড় সাম্রাজ্যকে উৎখাত করতে পারে।
এর আগেও বিপ্লব হয়েছিল ফ্রান্সে। ১৭৮৯-এর ফরাসি বিপ্লব। রাশিয়ায় নভেম্বর বিপ্লবের মাধ্যমে ‘জার’ সাম্রাজ্যের পতনের পর প্রতিষ্ঠিত হওয়া “Dual Power”-এ বুর্জোয়াদের হাত থেকে ক্ষমতা আসে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে। মানে নভেম্বর বিপ্লবের দ্বারা সমাজতন্ত্র(Socialism) প্রতিষ্ঠা করার সংগ্রাম দৃঢ় হয়েছিল। এই নভেম্বর বিপ্লবই ছিল শ্রেণি-শোষনের কাঠামো বদলে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা স্থাপন করার বাস্তব উদাহরণ।
সোভিয়েত ব্যবস্থা ছিল পৃথিবীর বুকে স্বর্গের মতো। এ ছিল এমন এক রাষ্ট্র যেখানে একটা সময়ের পর employment exchange-এ তালা পড়ে গেছিল। কারণ একটা সময়ের পর রাশিয়ায় কেউ বেকার ছিল না। যতদিন না এটা সম্ভব হয়েছে ততদিন দেওয়া হতো বেকার ভাতা৷ সোভিয়েত ছিল প্রথম রাষ্ট্র যে বেকার ভাতা চালু করে। এই বেকার ভাতা কোনো ভাবেই সরকারের আস্ফালন হিসেবে দেখা যায়নি বরং এই বেকার ভাতা ছিল একটা দায়বদ্ধতা। সবার জন্য কাজ সুনিশ্চিত করার দায়বদ্ধতার নামই ছিল সোভিয়েত। পৃথিবীতে কেউ কল্পনা করতে পারতোনা যে মহিলাদের মজুরি একজন পুরুষ মানুষের সমান হবে। সবার প্রথম মহিলাদের সম কাজে সম মজুরির আধিকার দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। প্রথম “Maternity Leave”-এর ব্যবস্থা চালু হয়েছিল সোভিয়েতে যেখানে মহিলাদের গর্ভবতী অবস্থায় সুস্থ থেকে একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য “চাকরিটা চলে যাবেনা” এই শর্তে বেতনসহ ছুটির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিলো। প্রথম সরকারি স্বাস্থ্য বীমা চালু হয়েছিল সোভিয়েত রাশিয়ায়। আজকে যারা যারা আমরা medical insurance পাই, যারা যারা maternity leave পায় এই আধুনিক পৃথিবীতে তাদের প্রত্যেকের এই পাওয়াটা এসেছে সোভিয়েত থেকে।
ভারত স্বাধীন হওয়ার পরেও গোয়া ছিল পোর্তুগিজ উপনিবেশ। গোয়া মুক্তির সময় পোর্তুগাল দেশটি NATO-র সদস্য হওয়ায় NATO-র বাকি সদস্য দেশগুলো পোর্তুগালের পক্ষ নেয়। সেই সময় একমাত্র সোভিয়েত রাশিয়া ভারতের পক্ষ নিয়ে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করতে সাহায্য করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন সেনা পাঠায় বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জন্য তখন আমেরিকার সপ্তম নৌবহর (US 7th Fleet) ভারতের দিকে এগিয়ে আসে আক্রমণের উদ্দেশ্যে। কিন্তু আমেরিকার এই ধমকানি ধোপে টেকেনি। তারা ভারতের দিকে এগিয়ে আসতেই দেখে, ভারতের উপকূলকে রক্ষা করতে দাঁড়িয়ে আছে সোভিয়েতের জাহাজ। আমেরিকার সপ্তম নৌবহরের দিকে কামান তাক করে। সোনালী রঙের “কাস্তে হাতুড়ি তারা” চিহ্নের লাল পতাকা লাগানো সোভিয়েতের জাহাজ দেখে ভারতকে আক্রমণ করতে আসা US 7th fleet ফিরে যায়। চিরটাকাল ভারতের প্রকৃত বন্ধু হয়ে থেকেছে সোভিয়েত ইউনিয়ন।।
সোভিয়েত ব্যবস্থায় যে শুধু মানুষের living standards ভালো হয়েছে তাই নয়। সিনেমা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও অনেক বড় দিক খুলে গেছিল সোভিয়েতে। ইউরি গ্যাগারিন ছিল প্রথম মহাকাশচারী যাকে সোভিয়েত পাঠিয়েছিল মহাকাশে, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিল সোভিয়েত রাশিয়ার। সোভিয়েত রাশিয়া তৈরি হওয়ার আগে মানুষের গড় আয়ু আর নভেম্বর বিপ্লবের পর সোভিয়েত রাশিয়া তৈরি হওয়ার পরের যে সময় সেই সময়ের মানুষের গড় আয়ু যদি যেখা যায় তাহলে বোঝা যাবে চিকিৎসা বিজ্ঞানে এতটাই সফল্য লাভ হয়েছিল যে রাশিয়ায় চিকিৎসার মান উন্নত হয় ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়। সোভিয়েত ব্যবস্থার ফলে পৃথিবীতে নতুন করে বিজ্ঞানমনস্কতার প্রসার হয়। যুক্তিহীনতা বনাম যুক্তিবাদের লড়াই হয়। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয় তখন জওহরলাল নেহেরু ভারত পরিচালনার দায়িত্ব পায়। প্রধানমন্ত্রী নেহেরু সোভিয়েত মডেল দেখে ভীষণ ভাবে প্রভাবিত হোন। সদ্যস্বাধীন দেশের অর্থনীতি চাঙ্গা করতে উনি রাষ্ট্রায়ত্ত শিল্পের দিকে জোর দেন ফলে একটার পর একটা PSU তৈরী হয়। দেশে Steel production এর জন্য Bokaro Steel Plant এবং Bhilai Steel Plant তৈরী হয়েছিল Soviet technology ব্যবহার করে। DVC ( Damodar Valley Corporation), চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা, ISRO, DRDO সহ অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প তৈরী হয় ভারতে।।
ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা আগামী প্রজন্মকে উৎসাহিত করে। তাকে প্রেরণা দেয়। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করা বিভিন্ন under ground secret society ও সশস্ত্র বাহিনি গড়ে ওঠে। সেই সংগঠন গুলোতে এবং কংগ্রেসের মধ্যেও অনেক প্রভাব ফেলেছিল নভেম্বর বিপ্লব। এর পূর্বে বিভিন্ন বিপ্লবের ক্ষেত্রে প্রত্যেকটা যায়গায় ক্ষমতার হস্তান্তর হয়েছে একদল শাসকের হাত থেকে অন্য আরেকদল শাসকের হাতে। নভেম্বর বিপ্লব ছিল প্রথম বিপ্লব যা শাসকের হাত থেকে ক্ষমতা এনে দেয় সাধারণ খেটে খাওয়া জনগণের হাতে। যাকে আমরা বলি “Dictatorship of the proletariat” বা “সর্বহারার একনায়কতন্ত্র”। আদতে যেটা হলো প্রকৃত অর্থে গণতন্ত্র। এই দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যেও প্রশ্ন আসে যে স্বাধীনতা বলতে কি বোঝায় শুধুই কি ব্রিটিশ তাড়ানো? তাহলে তো ব্রিটিশদের বদলে শাসকের আসনে ভারতীয় একজন বসবে আর শাসন ব্যবস্থা একই থাকবে এবং সেটা প্রকৃত স্বাধীনতা হবে না। কারণ শাসকের পরিচয় ব্রিটিশ পালটে ভারতীয় হলেও শাসনের চরিত্রটা পালটাবেনা। এই প্রশ্নগুলো আসার ফলে সশস্ত্র বাহিনীগুলো একটা সময়ের পর থেকে Socialist(সমাজতান্ত্রিক) ভাবধারার দিকে ঘুরে যায়। উত্তর ভারতে Hindustan Republican Association(HRA) সংগঠনের নামে “Socialist” শব্দটি যুক্ত করেন শহীদ বিপ্লবী ভগৎ সিং। এমন সময় ভারতে ট্রেড ইউনিয়ন গুলি আরও শক্তিশালী হয় এবং গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি। বিপ্লবী হরেকৃষ্ণ কোঙার থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনের কমরেডরা যারা চট্টগ্রাম যুববিদ্রোহের অংশ ছিলেন তাদের মধ্যে অনন্তলাল সিংহ, অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত গণেশ ঘোষ, সুবোধ রায় সহ বাকি সকল বিপ্লবীদের যাদের কালাপানির সাজা হয়েছিল তাদের মধ্যে একটা বড় অংশ আন্দামান সেলুলার জেল থেকে মুক্ত হয়ে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। আর আজ শাসকদলের আস্কারায়, তাদের অন্ধভক্তরা বামপন্থী ও কমিউনিস্টদের দেশদ্রোহী বলে।।
কংগ্রেসের অভ্যন্তরে “All India Forward Bloc” নামের একটি বাম দল গড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যা আজও সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে। তখন “লাহোর ষড়যন্ত্র মামলা”-র শুনানি চলছে। ২১শে জানুয়ারি, ১৯৩০ ম্যাজিস্ট্রেট আসনগ্রহণ করার পরেই ভগৎ সিং ও তার কমরেডরা স্লোগান দেয়, “Long Live Socialist Revolution”, “Long Live Communist International”, “Long Live People” “Lenin’s Name Will Never Die”, and “Down with Imperialism”। ভগৎ সিং-দের মতো বিপ্লবীদের অনুপ্রেরণা ছিল কমরেড লেনিন। নভেম্বর বিপ্লব ছিল সাম্রাজ্যবাদী শক্তির কাছে একটা আতঙ্কের মতো। যখন লেনিনের গুরুত্বটাকে ছোট করা হয়, যখন লেনিনকে নিয়ে কুৎসা করা হয় তখন এটাই মনে রাখতে হবে যে ফাঁসির মঞ্চে যাওয়ার আগের মুহুর্ত পর্যন্তও ভগৎ সিং লেনিনেরই বই পড়ছিল। আজও সকল মুক্তিকামী সংগ্রামী মানুষকে অনুপ্রাণিত করে নভেম্বর বিপ্লব। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায় নভেম্বর বিপ্লব। শাসকশ্রেণি যতবার এই নভেম্বরের ইতিহাস মুছে ফেলতে চাইবে ঠিক ততবার নভেম্বর বিপ্লব প্রাসঙ্গিক হয়ে উঠবে।
মহান নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক
“যে দুনিয়ায় মিটছে খিদে যৌথ খামার অস্ত্র হয়, নভেম্বরই দেখিয়েছিলো সেই দুনিয়া মিথ্যে নয়।।”