শহীদ কানাইলাল দত্ত
সন্দীপন সুর
”ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়!
ওদের কাহিনী বিদেশীর খুনে, গুলি, বন্দুক, বোমার আগুনে, আজও রোমাঞ্চকর।”
সাল ১৮৮৮। চন্দননগরে তখন ফরাসী শাসন। তারই মাঝে জন্মাষ্টমী তিথিতে চন্দননগরের সরিষাপাড়ায় জন্ম হল এক পুত্র সন্তানের। পিতার নাম চুনীলাল দত্ত ও মাতার নাম ব্রজেশ্বরী দেবী। আদর করে তার নাম রাখা হল কানাইলাল।
পিতা বোম্বাইতে হিসাবরক্ষকের কাজ করতেন। কানাইলাল শৈশবে বোম্বাইয়ের গিরগাঁও এরিয়ান এডুকেশন সোসাইটি স্কুলে এবং পরবর্তী সময়ে চন্দননগর ডুপ্লে বিদ্যামন্দিরে (বর্তমান .কানাইলাল বিদ্যামন্দির) অধ্যয়ণ করেন। ১৯০৮ সালে হুগলি মহসীন কলেজ থেকে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিপ্লব ও রাজদ্রোহিতার অভিযোগে কারারুদ্ধ হওয়ায় ইংরেজ সরকার তাঁকে ডিগ্রি প্রদানে বাধা দেয়, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সে বাধা উপেক্ষা করে তাঁকে ডিগ্রি প্রদান করে।
ডুপ্লে কলেজে ছাত্রাবস্থায় অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের সংস্পর্শে আসেন। বিপ্লবের হতেখড়ি হয়েছিল তার হাত ধরেই। সমান্তরালে অগ্নিযুগের বীর বিপ্লবীদের সান্নিধ্যে আসেন কানাইলাল দত্ত।
১৯০৫ সালের পরবর্তীকালে কানাইলাল দত্তের সাথে পরিচয় হয় মতিলাল রায়ের। চন্দননগর প্রবর্তক আশ্রমের ভিতর তখন মতিলাল রায়ের নেতৃত্বে গড়ে উঠেছে বিপ্লবীদের আত্মগোপন করার আখড়া। বোমা বারুদের স্তূপের মধ্যেই চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নীল নকশা তৈরির কাজ। সেখানে অনুশীলন সমিতি আর যুগান্তর দলের বিপ্লবীদের সংস্পর্শে আসেন কানাইলাল দত্ত। এনারা প্রত্যেকেই স্বাধীনতা আন্দোলনকে স্বসস্ত্র বিপ্লবের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সেই সময়ে ৩টি বিপ্লবী দলের যোগসূত্র গড়ে ওঠে চন্দননগরে। যুগান্তর দলে, অনুশীলন সমিতি, আর চন্দননগরের বুকে মতিলাল রায়ের তত্ত্বাবধায়নে কানাইলাল দত্তরা গড়ে তুললেন চন্দননগরের নিজস্ব একটি গোপন দল। পরবর্তীকালে কুখ্যাত ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগার্ট ১৯১৩ একটি রির্পোটে উল্লেখ করেছিলেন এই বিপ্লবী দলের নাম ছিল “চন্দননগর গ্যাং”! কানাইলাল দত্ত কিছুদিন ধরেই আন্দাজ করেন রাজনৈতিক হত্যা (পলিটিক্যাল মার্ডার) গুলো বিপ্লবী আন্দোলনের ধারায় তেমন সফল হচ্ছে না। তিনি মনে করতেন পলিটিক্যাল মার্ডার সফল না হলে মানুষের বিপ্লবীদের প্রতি অনাস্থা চলে আসবে। তাই আর দেরী না করে তিনি চন্দননগর ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বারীন ঘোষের সাথে চলে আসেন কলকাতায়। তবে এই খবর তার শিক্ষক চারুচন্দ্র রায় জানতেন না।
এ প্রসঙ্গে মতিলাল রায় লিখেছেন –
গঙ্গাতীরে পদচারণা করিতে-করিতে কানাইলাল আমায় জানাইল-. তাহার ডাক আসিয়াছে, তাহাকে বাড়ী ছাড়িতে হইবে। | আমি সবিস্ময়ে তাহার মুখের দিকে চাহিলাম। দীর্ঘ নাসিকা। দুটি ওষ্ঠপুটের ফাঁকে হাসির জ্যোৎস্না ঠিকরাইয়া বাহির হইতেছে।কানাইলাল স্মিতমুখে বলিল “উপস্থিত কলিকাতায় যাইব। পি-এম. করার খাঁটী লােকের অভাব হইয়াছে।…আমি প্রাণের চেয়ে পি.এম্. যাহাতে কার্য্যকর হয়, সেই দিকেই বিপ্লবীদের দৃষ্টি আকর্ষণ করিব।”
১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফ্ফরপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা ছোঁড়েন বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী। ভুলবশত সেই বোমা কিংসফোর্ডের গাড়িতে না পড়ে অন্য একটি গাড়িতে পড়ে। এতে দুই ব্রিটিশ নারী নিহত হন। এই সূত্রের পুলিশি তদন্ত শুরু হয়- মুজফফরপুর বোমা মামলা।
১৯০৮ সালের ২ মে ভোররাতে পুলিশ মুরারিপুকুর রোডের ৩২ নম্বর বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি বোমা তৈরির কারখানার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, বোমা, ডেটোনেটর এবং অন্যান্য সরঞ্জাম আবিষ্কৃত হয়। তারা বিপ্লবী সাহিত্যও বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার হলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, ইন্দু ভূষণ রায়, নোলিনী কান্ত গুপ্ত,
উপেন্দ্র নাথ ব্যানার্জী প্রমুখ। তার পাশাপাশি গোপীমোহন মিত্র লেন থেকে মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার হন কানাইলাল দত্ত সহ সত্যেন্দ্রনাথ বসু, নরেন গোস্বামীরা।
শুরু হয় বিখ্যাত আলিপুর বোমা মামলা। ব্রিটিশ পুলিশ অত্যন্ত চতুরতার সাথে বিপ্লবীদের নাম এবং কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে শ্রীরামপুরের জমিদার বাড়ির ছেলে নরেন গোঁসাইকে রাজস্বাক্ষী হওয়ার টোপ দেয়। সেই ফাঁদে পা দেয় নরেন। তাকে আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোপন তথ্য বার করার জন্য। খবর কানে যায় বারীন ঘোষ , কানাইলাল দত্তের কাছে। আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালে অসুস্থতার অজুহাত দেখিয়ে ভর্তি হন সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত। নরেন কে হত্যার জন্য চন্দননগর থেকে বিপ্লবী শ্রীশ চন্দ্র ঘোষ রিভলবার পাঠিয়েছিলেন। শোনা যায় কাঁঠালের ভিতরে করে সেই রিভলবার পৌঁছে গিয়েছিল কানাইলালের হাতে, জেল হাসপাতালেরই জনৈক ডাক্তারের বা চিকিৎসা কর্মীর হাত ধরে। তারপরই জেল হাসপাতালে নরেন গোঁসাইকে দেখা মাত্রই প্রথম গুলি ছোঁড়েন সত্যেন্দ্রনাথ বসু । কিছুটা জখম অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নরেন, পুলিশ অফিসার হিগেনস ততক্ষণে সবটা বুঝতে পেরেছেন। নরেনকে ধাওয়া করেন কানাইলাল। হিগেনস তাকে আটকানোর চেষ্টা করলে তাকে লাথি মেরে এগিয়ে যায় কানাইলাল দত্ত। নরেন গোঁসাইকে ২ রাউন্ড গুলি ছোঁড়েন। সেই গুলি পিঠে লেগে লুটিয়ে পড়ে যায় নরেন। সাথে সাথে শেষ হয় প্রতিশোধের রাজনৈতিক হত্যা।
এরপর কানাইলাল দত্ত আর তার সঙ্গী সত্যেন্দ্রনাথের বিরুদ্ধে শুরু হয় নরেন গোঁসাইকে হত্যার মামলা। ১৯০৮ সালের ২১ অক্টোবর কলকাতা হাইকোর্টের এজলাসে কানাইলাল দত্ত আর তার সঙ্গী সত্যেন্দ্রনাথ বসু কে ফাঁসির সাজা শোনানো হয়। বিচারক তাকে জানতে চান তারা উচ্চ আদালতে আপিল করতে চান কি না! উত্তরে কানাইলাল বলেন – “There Shall be No Appeal.” এরপর তিনি আরও একবার ভেবে দেখতে বলেন! উত্তরে কানাইলাল বলেন – “I wish to state that I did kill Hum. I do not wish to give any statement why I killed him. Wait I do wish to give a reasons. It was because he was a traitor to his country.”
আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন -কানাইলাল আমাদের শিখিয়ে দিয়ে গেল কোথায় shall ব্যবহার করতে হয় আর কোথায় will ব্যবহার করতে হয়।
ফাঁসির আগে সত্যেন্দ্রনাথ বসুর অন্তিম ইচ্ছা অনুযায়ী সাধারণ ব্রাহ্মসমাজের কর্ণধার পণ্ডিত শিবনাথ শাস্ত্রীকে জেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি জেলে কানাইলাল দত্তের সেলের সামনে যেতে গিয়ে কানাইলালের সঙ্গে সাক্ষাত করেন। পরে তিনি বলছিলেন- “সে যেন পিঞ্জরাবদ্ধ সিংহ। বহু তপস্যা করলে তবে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করতে পারে!” এই লেখা টি বঙ্গবাসী পত্রিকায় সেই সময় ছাপা হয়েছিল।
শৈশব থেকেই কানাইলালের শারীরিক অসুস্থতা কিছু বেশিই ছিল। কিন্তু ফাঁসির আগে তার ওজন বেড়ে গিয়েছিল প্রায় ষোলো পাউন্ড এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। এ প্রসঙ্গে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার “নির্ব্বাসিতের আত্মকথা” গ্রন্থে লিখেছেন –
“জীবনে অনেক সাধুসন্ন্যাসী দেখিয়াছি ; কানাইএর মত আমন প্ৰশান্ত মুখচ্ছবি আর বড় একটা দেখি নাই। সে মুখে চিন্তার রেখা নাই, বিষাদের ছায়া নাই, চাঞ্চল্যের লেশ মাত্র নাই – প্ৰফুল্ল কমলের মত তাহা যেন আপনার আনন্দে আপনি ফুটিয়া রহিয়াছে। চিত্ৰকূটে ঘুরিবার সময় এক সাধুর কাছে শুনিয়াছিলাম যে, জীবন ও মৃত্যু যাহার কাছে তুল্যমূল্য হইয়া গিয়াছে সেই পরমহংস। কানাইকে দেখিয়া সেই কথা মনে পড়িয়া গেল। জগতে যাহা সনাতন, যাহা সত্য, তাহাই যেন কোন শুভ মুহূৰ্ত্তে আসিয়া তাহার কাছে ধরা দিয়াছে।–আর এই জেল, প্রহরী, ফাঁসিকাঠ, সবটাই মিথ্যা, সবটাই স্বপ্ন ! প্রহরীর নিকট শুনিলাম ফাঁসির আদেশ শুনিবার পর তাহার ওজন ১৬ পাউণ্ড বাড়িয়া গিয়াছে!! ঘুরিয়া ফিরিয়া শুধু এই কথাই মনে হইতে লাগিল যে, চিত্তবৃত্তিনিরোধের এমন পথও আছে যাহা পতঞ্জলিও বাহির করিয়া যান নাই। ভগবানও অনন্ত, আর মানুষের মধ্যে তাঁহার লীলাও অনন্ত !
১৯০৮ সালের ১০ই নভেম্বর। ফাঁসির মঞ্চে হাজির কানাইলাল দত্ত। তাঁর বড়দা আশুতোষ দত্ত ভাইকে শেষবারের মতো দেখতে হাজির ছিলেন। তিনি কানাইলালকে বলেন- তোর চশমা টা আমায় দে। ওটা আমার কাছে রাখবো। উত্তরে কানাইলাল বলেন চশমাটা আমার মৃত্যুর পরে নিও। যদি আমি চশমা ছাড়া ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে হোঁচট খাই তাহলে ব্রিটিশ পুলিশ ভাববে বাঙালীর ছেলে মরতে ভয় পাচ্ছে!
স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন নিয়ে হাসতে হাসতে ফাঁসির দঁড়িতে মৃত্যুবরণ করলেন কানাইলাল দত্ত। তারপর তার শেষকৃত্যে কেওড়াতলা শশ্মানে অগণিত মানুষের ভিড়ে অমর হয়ে রইলেন কানাইলাল দত্ত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফুঁসছিল গোটা কলকাতার রাজপথ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল বৃটিশ পুলিশ । মৃত্যুর পরেও এতো তেজ!!! একটু চিতাভষ্ম নিতে ৫-১০টাকা পর্যন্ত দিতে রাজি ছিল তখনকার বাঙালি।
আজও কানাইলাল দত্ত আমাদের বুকে অমর হয়ে আছেন। তারই স্মৃতি বিজরিত দুপ্লে কলেজের পরবর্তীকালে নামকরণ করা হয় কানাইলাল বিদ্যামন্দির। কানাইলাল দত্তের চশমা এবং চিতাভষ্ম কানাইলাল বিদ্যামন্দিরে সংরক্ষণ করা রয়েছে। ছাত্র-শিক্ষক সবাই আজও তাঁকে প্রণাম করে ক্লাসে যান।
তাঁর মৃত্যুর ১৫ বছর পরে মতিলাল রায় চন্দননগর থেকে বাংলায় কানাইলাল দত্তের ওপরে একটি স্মৃতি পুস্তিকা প্রকাশ করেন, যা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার কর্তৃক তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কানাইলাল দত্তের ত্যাগের গৌরবান্বিত আখ্যান সসম্মানে সংরক্ষিত রয়েছে।
শহীদ কানাইলাল দত্ত অমর রহে।।