প্রতিস্পর্ধী ব্রাজিল এবং কমিউনিস্ট পার্টি

ব্রাজিলে চতুর্থবারের জন্য লুলার ঐতিহাসিক জয় আবারো এক চপেটাঘাত মার্কিন সাম্রাজ্যবাদের গালে। আমেরিকার দাদাগিরির বিপ্রতীপে অসমসাহসী যোদ্ধার মতো দাঁড়িয়ে রয়েছে ব্রাজিল। পৃথিবীর শ্বাসতন্ত্রের প্রাণভোমরা আমাজনকেও বাঁচিয়ে দিয়েছে এযাত্রায়। তবে একটি প্রশ্ন বহুজনের মাথায় আসছে বা ইচ্ছাকৃতভাবেই দক্ষিণপন্থীদের একদল নেমেছে ব্রাজিলের এই সাফল্য থেকে কমিউনিস্টদের বিচ্ছিন্ন করে দেখাতে। আবার, মার্কসবাদকে অপ্রাসঙ্গিক এবং সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনাকে অবৈজ্ঞানিক বলে দাবী করতে চাওয়া প্রগতিশীল অংশের মানুষের কাছেও কমিউনিজমকে প্রত্যাখ্যান করার অস্ত্র এটি। উগ্র দক্ষিণপন্থীরা এই তত্ত্বকে গুণোত্তর প্রগতিতে ছড়িয়ে দেওয়ার কাজটি করে যাচ্ছে এবং সেই বিভ্রান্তি ছড়াচ্ছে প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষের মধ্যেও।

জিতেছেন তো লুলা দা সিলভা। তার পার্টির নাম ওয়ার্কার্স পার্টি (Partido dos Trabalhadores ওরফে PT)। ওয়ার্কার্স পার্টি একটি বামপন্থী দল, তারা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক ধাঁচের রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পক্ষে। কিন্তু ওয়ার্কার্স পার্টি তো কমিউনিস্ট পার্টি নয়। তাহলে ব্রাজিলে লুলার জয়ে কমিউনিস্টদের এত উৎফুল্ল হওয়ার কী আছে?

প্রথমত, এই অতি দক্ষিণপন্থী এবং ঘৃণাভাষণের একমেরু বিশ্বব্যবস্থার উল্টোদিকে যে যে দাঁড়িয়ে থাকবে, তারা সকলে আমাদের মিত্র। সমস্ত সমালোচনা অক্ষুণ্ণ রেখেই তারা আমাদের মিত্র। প্যালেস্তাইন প্রশ্নের মতো ইতিহাসের মানবতাবিরোধী অপরাধের বিপরীতে এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিপরীতে পরিবেশ রক্ষার প্রশ্নে যারা দাঁড়িয়ে থাকবে, তারা আমাদের সকলের নিকটাত্মীয়।

দ্বিতীয়ত, লুলার দল শুধু এই একমেরু বিশ্বের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা নিছক শক্তি নয়। ওয়ার্কার্স পার্টির বিকশিত হওয়ার ভিত্তি সেদেশের ট্রেড ইউনিয়ন। এত বছর পরেও লুলা দা সিলভার দল ও তার নেতৃত্বাধীন সরকার তা ধরে রেখেছে। দেশের মৌলিক অর্থনৈতিক প্রশ্নেও পরিকল্পিত অর্থনীতিকে যথাসম্ভব অক্ষুণ্ণ রেখেছে। এই যাতনার বিশ্বে এই বা কম কিসের!

তৃতীয় প্রসঙ্গটি দাঁড়িয়ে রয়েছে একটা রূঢ় বস্তুগত প্রশ্নে। এই মহতী অশ্বমেধযজ্ঞে কমিউনিস্ট পার্টি কোথায়? সেই নিয়েই আজকের নিবন্ধ।

(১) ব্রাজিলে সমাজতান্ত্রিক চেতনা কমিউনিস্ট পার্টির জন্মবৃত্তান্ত

১৮৮৮ সাল। ইতিহাসের এত প্রতীক্ষার পর সদ্য দাসপ্রথা থেকে মুক্ত হয়েছে ব্রাজিল। দেশজুড়ে তৈরী হচ্ছে নতুন শ্রমিকশ্রেণী। সেই বিপুল শ্রমিকবাহিনীর জমি, বাড়ি, শিক্ষা কিংবা জীবিকার নিরাপত্তা ছিল না। বিশ শতকের গোড়া থেকে দেশজুড়ে গড়ে উঠতে থাকে শ্রমিক সংগঠন। সমাজতান্ত্রিক চিন্তাচেতনা প্রবেশ করতে থাকে নানা পত্রপত্রিকার মধ্যে দিয়ে। তখন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের উত্তুঙ্গ পরিস্থিতি। রাশিয়ায় নারোদনিকরা তো রয়েইছে, বলশেভিকরাও বিকশিত হচ্ছে প্রবলভাবে। এমন সময়ে ১৯০৬ সালে ব্রাজিলে সংগঠিত হলো প্রথম জাতীয় শ্রমিক কংগ্রেস। ১৯১৭ সালে দেশ উদ্বেল হলো হাজার হাজার শ্রমিকের ঐক্যবদ্ধ ধর্মঘটে। অস্বাভাবিক দীর্ঘ কর্মদিবস, অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম, নারী শ্রমিকদের কম মজুরি।
খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং শ্রমিক সংগঠনের ওপর পুলিশি নজরদারির বিরুদ্ধে দেশব্যাপী এই দ্রোহকাল যখন চলছে, সেই সময়ে রাশিয়ায় পতন ঘটছে জারতন্ত্রের। ব্রাজিলের এই দূর্বার বিদ্রোহে পুলিশি উৎপীড়নের সামনে গুলিতে প্রাণ দেন জস্ মার্টিনেজ। তার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শপথ নিয়ে শ্রমিকরা সামিল হয় তীব্রতম প্রতিরোধে। রাশিয়ায় নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের পতন ঘটলো, বলশেভিকদের নেতৃত্বে সংগঠিত হলো ঐতিহাসিক নভেম্বর বিপ্লব। খবর পৌঁছলো ব্রাজিলের বুকে। ১৯১৮ সালে রিও ডি জেনেইরোতে অভ্যুত্থানের পরিকল্পনা। যদিও ব্যর্থ হলো। তবে ততদিনে শুধু উন্নত কর্মপরিবেশ আর বোনাস বৃদ্ধির দাবীতে শ্রমিকরা সীমাবদ্ধ নেই। তারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন নিয়ে। দেশের ভেতরে ইউনিয়ন দপ্তরগুলিতে প্রতিদিন নিঃশব্দে পৌঁছে যাচ্ছে মার্কসবাদী সাহিত্য। ১৯১৯ সালে ব্রাজিলে দুটি ছোট কমিউনিস্ট পার্টি তৈরী হয় – Partido Comunista-Anarquista ( নৈরাজ্যবাদী কমিউনিস্ট পার্টি) এবং Partido Comunista do Brasil। প্রথমটি রিও ডি জেনেইরো, দ্বিতীয়টি সাও পাওলোতে। এই দলগুলো স্থায়ী হয়নি। ১৯২২ সালের ২৫ শে মার্চ নয় জন কমিউনিস্টের নেতৃত্বে গড়ে উঠলো দেশের প্রথম সংগঠিত কমিউনিস্ট পার্টি – PCB। মাত্র ৭৩ জন সদস্য নিয়ে পথচলা শুরু করা পার্টি ডিসেম্বরের মধ্যে ২৫০ সদস্যের পার্টিতে পরিণত হয়৷ কিন্তু প্রতিষ্ঠার মাত্র তিন মাসের মধ্যে নিষিদ্ধ হয়ে যায় কমিউনিস্ট পার্টি। গোপনে দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে রক্তবীজের দল৷

(২) ভাঙা বুকের পাঁজর নিয়ে চার দশক

১৯৩৫ সালে কমিউনিস্ট পার্টি গণঅভ্যুত্থানের চেষ্টা করে। প্রবল রাষ্ট্রীয় নিপীড়ন আন্দোলনের পাঁজর ভেঙে দেয় যারপরনাই। এই তীব্র আক্রমণ জারি থাকে। ১৯৪৫ সালে জার্মানির নাজিদের পতন হলো, বিশ্বমানবতার মুক্তিদাত্রী হিসেবে অধিষ্ঠিত হলো সোভিয়েত ইউনিয়ন। ১৯৪৫ সালে PCB- র ওপরে থাকা নিষেধাজ্ঞা উঠলো। জাতীয় নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেলো PCB। ব্রাজিলের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা লুইজ কার্লোস প্রেস্তেস সেনেটর নির্বাচিত হন। ১৪ জন ফেডেরাল ডেপুটির দায়িত্বে আসেন কমিউনিস্ট পার্টির নেতারা।

(৩) PCdoB : ব্রাজিলের কমিউনিস্ট আন্দোলনের ফিনিক্সপাখি

পঞ্চাশের দশক। বিশ্বরাজনীতিতে তখন কমিউনিস্ট আন্দোলনের মধ্যে তীব্র বিতর্ক। গঙ্গা থেকে সান ফ্রান্সিসকো – কমিউনিস্ট পার্টিতে সংশোধনবাদী প্রবণতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াচ্ছে বিপ্লবী চেতনা৷ সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাম রাজনীতির প্রশ্ন। ১৯৬৪ সালে এদেশে সিপিআই ভেঙে তৈরী হলো সিপিআই(এম)। তার প্রায় কাছাকাছি সময়ে ব্রাজিলে PCB ও মতাদর্শগত প্রশ্নে দ্বিখণ্ডিত হলো। তৈরী হলো Partido Comunista do Brasil (PCdoB)। PCdoB এবং সিপিআইএমের প্রাথমিক কর্মসূচীগত নির্মাণে বহু অভিন্ন প্রসঙ্গ ছিল।

(৪) সামরিক শাসন, আরাগুয়াইয়া গেরিলা বিদ্রোহ এবং ওয়ার্কার্স পার্টির উত্থান

১৯৬৪ সালের ৩১ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ব্রাজিলে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। আবারো শুরু হয় পূর্ণোদ্যমে লড়াই। দেশজুড়ে ব্যাপক কৃষক বিদ্রোহ এবং শ্রমিক আন্দোলন গড়ে তোলে PCdoB এবং PCB। PCdoB অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে সশস্ত্র গণপ্রতিরোধের মধ্যে দিয়ে দেশজুড়ে একাধিক মুক্তাঞ্চল গড়ে তোলে। প্রায় দুই দশকের সামরিক শাসনে কমিউনিস্টরা প্রভূত পরিমাণে গুমখুন, বন্দীত্ব এবং দেশান্তরীকরণের মুখে পড়েন। PCdoB আরাগুয়াইয়া গেরিলা বিদ্রোহের মধ্যে দিয়ে বিকশিত হয়, এদেশের তেভাগা তেলেঙ্গানার মতোই।

ইতিমধ্যেই সত্তরের দশকের শেষভাগ থেকেই লুলা দা সিলভার নেতৃত্বে ব্রাজিলে সমাজতান্ত্রিক চিন্তার নতুন ধারা গড়ে ওঠে। শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে জন্মলাভ করে ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টি দ্রুত দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লুলা পরিণত হন ব্রাজিলের সর্বজনাদৃত জননেতায়। ১৯৮৫ সালে সামরিক শাসনের অবসান ঘটে। কমিউনিস্ট পার্টিগুলো ফিরে আসে প্রকাশ্য রাজনীতির মূলাঙ্গনে।

(৫) ১৯৮৫ – ২০০২ : বামপন্থা ও ডানপন্থার দ্বন্দ্ব ও পাহাড় টলানোর লড়াই

পরবর্তী দেড় দশক ছিল পশ্চিমা অর্থনীতির পাহাড় টলানোর লড়াই। সংসদীয় গণতন্ত্রে মুক্ত অর্থনীতি যে বিপুল প্রত্যাশার ফানুশ তৈরী করে তার বিরুদ্ধে লড়াই এবং একেকটি সরকারের পতনের পর নতুন সম্ভাবনার আলো দেখিয়ে ক্ষমতায় আসা শাসকের মুখোশ পূণরায় উন্মোচন করার লড়াই। এই পর্যায়ে দেশজুড়ে ওয়ার্কার্স পার্টি এবং কমিউনিস্টদের ব্যাপক ঐক্য গড়ে ওঠে। PCdoB এবং PT যৌথ পথচলা শুরু করে। কোনো কোনো প্রশ্নে PCB ও যুক্ত হয়।
১৯৮৯ সালে ব্রাজিলে প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ বছর পর। ডানপন্থী প্রার্থী ফার্নান্দো কলরকে জোট টক্কর দেন বাম প্রার্থী লুলা দা সিলভা। ৪৬.৯৭% মানুষের সমর্থন পেলেও নির্বাচনে হেরে যান লুলা ও তার নেতৃত্বাধীন বামপন্থী জোট। ১৯৯০ সালে কলর রাষ্ট্রপতি হন। কলরের শাসনামলে যথারীতি মুক্ত অর্থনীতির পথ আরো প্রশস্ত হতে থাকে, ফলস্বরূপ জনজীবনে বৈষম্য দারিদ্র্য দুর্দশা নতুন করে বাড়তে থাকে। ইতিমধ্যে কলর রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের পথ খুলে দেন৷ একইসাথে দূর্নীতিতে নিমজ্জিত হয় কলরের সরকার। ওয়ার্কার্স পার্টি এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই দূর্নীতিগ্রস্থ সরকারের বিরুদ্ধে গড়ে ওঠে ব্যাপক ছাত্র আন্দোলন। ১৯৯৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লুলা প্রত্যাশিত ফল করতে পারেননি। ফার্নান্দো কর্দোসো জয়ী হন এই নির্বাচনে, কারণ কলরের সরকারের ব্যর্থতাকে দেখিয়ে ইনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আশাআকাঙ্খা তৈরী করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু কর্দোসোর আমলে জনজীবনের মৌলিক কোনো পরিবর্তনই ঘটলো না। উল্টে খনি সহ রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণের নির্লজ্জ অভিযানে নামলেন তিনি।

২০০২ সালে ওয়ার্কার্স পার্টি এবং কমিউনিস্ট পার্টির ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে সামনে আসে ইতিহাসের সেই আকাঙ্খিত লগ্ন। সাও পাওলোর ABC শিল্পাঞ্চলের ধাতুশ্রমিকদের লড়াই অধিষ্ঠিত হলো সংসদে। অনভিজাত এক শ্রমিক প্রথমবারের জন্য দেশের রাষ্ট্রপতি হলেন। সোভিয়েতের পতন ঘটেছে অনেক আগেই। তবে লাতিন আমেরিকায় মার্কিন দাদাগিরির উল্টোদিকে শুরু হয় একের পর এক বামপন্থী প্রগতিশীল শক্তির উত্থান। যা ইতিহাসে পরিচিত ‘ পিঙ্ক টাইড ’ নামে। ১৯৯৮ সালে ভেনেজুয়েলায় হুগো চাভেজ নির্বাচিত হয়েছিলেন। তারপর ধারাবাহিকভাবে ২০০০ সালে চিলিতে রিকার্ডো লাগোস, ২০০২ সালে ব্রাজিলে লুলা, ২০০৩ সালে আর্জেন্টিনায় নেস্তর কির্চনার, ২০০৪ সালে উরুগুয়েতে তাবারে ভাসকেজ, ২০০৫ সালে বলিভিয়ায় ইভো মোরালেস, ২০০৮ সালে প্যারাগুয়েতে ফার্নান্দো লুগো জয়ী হন। বিশ্বরাজনীতির অঙ্গনে এই রোদেলা ভোরকে সাদর সম্ভাষণ জানায় গোটা দুনিয়ার কমিউনিস্টরা।

(৬) একুশ শতকের যাত্রা অব্যাহত

২০০২ থেকে ২০২৬ পর্যন্ত চারবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন লুলা। এর মধ্যে একাধিকবার সরকার পরিবর্তনও হয়েছে। দক্ষিণপন্থী শক্তির চক্রান্তে বারবার অশান্ত হয়েছে ব্রাজিল। লুলা কারাদণ্ডে দন্ডিতও হয়েছেন।
ওয়ার্কার্স পার্টির বিপর্যয়ের পর ২০১৬ সালেও দেশজুড়ে পৌর নির্বাচনে PCdoB-র ৮১ জন মেয়র ও ১,০০৮ জন কাউন্সিলর নির্বাচিত হন। PCdoB এবং ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চলতে থাকে। ২০১৮ সালে বলসোনারোর ব্যাপক জয়ের মধ্যেও PCdoB-র ফ্লাভিও দিনো মারানিয়াও রাজ্যের গভর্নর নির্বাচিত হন। মারানিয়াও রাজ্য কমিউনিস্টদের গড় হিসেবে টিকে থাকে। ২০২৩ সালে কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টির জোট পূণরায় ফিরে আসে। PCdoB র নেতা কমঃ লুসিয়ানা সান্তোস নবনির্বাচিত বাম সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

আরাগুয়াইয়ায় গেরিলা বিদ্রোহের উত্তরাধিকার বহন করে ব্রাজিলের কমিউনিস্ট আন্দোলন। PCdoB দেশরক্ষার প্রশ্নে, দেশের মানুষের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা রক্ষার প্রশ্নে ১৯৮৫ সাল থেকে নিজেদের হাত প্রলম্বিত করে এসেছে ওয়ার্কার্স পার্টির প্রতি। PCB ও সমর্থন জানিয়েছে সমস্ত সংকটমুহূর্তেই। গণআন্দোলনের রণাঙ্গনে অতন্দ্র প্রহরীর মতো লড়ে গেছেন কমিউনিস্টরা। ২০১৬ সালে মার্কিন মদতপুষ্ট সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন সংগঠিত করে কমিউনিস্টরা। এই সময় থেকেই ব্রাজিলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রান্তিক লিঙ্গপরিচিতি ও যৌন অভিমুখের মানুষদের অধিকারের লড়াই। এই ইস্যুকে রাজনীতির মূলাঙ্গনে নিয়ে আসে কমিউনিস্টরাই। ২০১৭ সালে কমিউনিস্টদের নেতৃত্বে ( PCdoB, PCB) সংগঠিত হয় ঐতিহাসিক শ্রমিক ধর্মঘট। ২৫৪টি শহরজুড়ে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ ধর্মঘটে সামিল হয়। লুলার মুক্তি এবং পরবর্তীতে বলসোনারোর সরকারকে হটানোর লড়াইয়েও ছিল কমিউনিস্ট পার্টির উজ্জ্বল উপস্থিতি।

তবে ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে কমিউনিস্ট পার্টির যে লড়াই ইতিহাসে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে, তা হলো ৬×১ কর্মদিবসের অবসানের আন্দোলন। দীর্ঘদিন ধরে ৬ দিন কাজ ১ দিন ছুটির এই বিধানের পরিবর্তে ৫×২ অথবা পরিস্থিতিভেদে ৪×৩ রুল কার্যকর করার দাবীতে দেশজুড়ে দীর্ঘদিন যাবৎ লড়াই করে এসেছে কমিউনিস্টরা৷ ২০২৫ সালে এই প্রশ্নে গোটা ব্রাজিলজুড়ে গণভোট আয়োজন করেন তারা৷ প্রায় ১০ হাজার ভোটকেন্দ্র তৈরী হয় দেশজুড়ে। চতুর্থবার লুলা ও কমিউনিস্ট পার্টির জোট সরকারের দায়িত্ব পেয়েছেন। প্রতিশ্রুতি মোতাবেক, লুলার নতুন মেয়াদ শুরু হওয়ার সাথে সাথেই বাস্তবায়িত হতে চলেছে এই নতুন পলিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *