বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR): ভয়, প্রশাসনিক সহিংসতা ও গণতান্ত্রিক সংকট
এলিনা ইয়াসমিন
ভারতের নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে এসেছে। ভোটাধিকার নাগরিকত্বের একটি মৌলিক রাজনৈতিক প্রকাশ। কিন্তু সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে যে বাস্তবতা সামনে এসেছে, তা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারিভাবে এই প্রক্রিয়াকে স্বচ্ছতা, নির্ভুলতা এবং ভোটার তালিকার বিশুদ্ধতার লক্ষ্যে পরিচালিত বলে দাবি করা হলেও বাস্তবে এটি বহু ক্ষেত্রে প্রশাসনিক চাপ, সামাজিক আতঙ্ক এবং রাজনৈতিক বঞ্চনার একটি যন্ত্রে পরিণত হয়েছে।
এই প্রবন্ধে দেখানো হয়েছে যে SIR কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; এটি এমন এক রাজনৈতিক প্রযুক্তি, যার মাধ্যমে ভয় সৃষ্টি করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। এর ফলে সাধারণ ভোটার থেকে শুরু করে মাঠপর্যায়ের নির্বাচনকর্মী—সকলেই মানসিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছেন।
ক্ষমতার হাতিয়ার হিসেবে SIR
ভোটার তালিকার সংশোধন গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক প্রশাসনিক কাজ। কিন্তু SIR বাস্তবায়নের ক্ষেত্রে যে তাড়াহুড়ো, অপ্রতুল অবকাঠামো এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব দেখা গেছে, তা এই প্রক্রিয়াকে একটি দমনমূলক ব্যবস্থায় পরিণত করেছে। অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মীদের ওপর অযৌক্তিক কাজের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের ওপর তৈরি হয়েছে অজানা আশঙ্কা।
বিশেষ করে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে এই প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হয়েছে যাতে নাগরিকদের মনে ভোটাধিকার হারানোর ভয় তৈরি হয়। প্রশাসনিক ভুল, নথির অসামঞ্জস্য এবং প্রযুক্তিগত ত্রুটি অনেক মানুষের জীবনে গভীর সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ভয় একটি রাজনৈতিক সম্পদে পরিণত হয়েছে, যার মাধ্যমে নির্বাচনী বাস্তবতা প্রভাবিত করা সম্ভব।
মৃত্যু, আত্মহত্যা ও আতঙ্কের মানবিক মূল্য
SIR প্রক্রিয়ার সবচেয়ে ভয়াবহ দিক হল এর মানবিক মূল্য। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বহু মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। এই আতঙ্ক কখনও কখনও জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাওড়া জেলার খালিসানি গ্রামের বাসিন্দা ত্রিশ বছর বয়সী জাহির মাল নাকি তাঁর পরিচয়পত্রে বানানের ভুলের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে—এই ভয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। একইভাবে উত্তর ২৪ পরগনার বাসিন্দা সোফিকুল মণ্ডল নামের এক ব্যক্তিও নিজের পরিবারের একাধিক সদস্যের নাম ভোটার তালিকায় না থাকায় প্রবল মানসিক চাপে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।
বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়ও এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রবীণ মানুষরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় মানসিক আঘাতে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনাগুলির অনেকগুলিই সরকারি স্বীকৃতি পায়নি।
এই ঘটনাগুলি দেখায় যে একটি সাধারণ প্রশাসনিক ভুল কীভাবে মানুষের জীবনে অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সরকারি নথি শুধু পরিচয়ের কাগজ নয়; এটি তাদের সামাজিক মর্যাদা, কল্যাণমূলক সুবিধা এবং রাজনৈতিক অস্তিত্বের সঙ্গে সরাসরি যুক্ত।
নির্বাচনকর্মীদের ওপর চাপ
SIR প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বুথ লেভেল অফিসার (BLO) বা মাঠপর্যায়ের নির্বাচনকর্মীদের ওপর অস্বাভাবিক চাপ। অনেক ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক বা প্যারা-টিচারদের BLO হিসেবে কাজ করতে হয়। তাদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক ফর্ম যাচাই করার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত কাজের চাপ, প্রশাসনিক ভয় এবং শাস্তির আশঙ্কা অনেক কর্মীকে মারাত্মক মানসিক চাপের মধ্যে ফেলেছে। কিছু ক্ষেত্রে এই চাপ অসুস্থতা কিংবা মৃত্যুর কারণ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে বোঝা যায় যে প্রশাসনিক কাঠামোর মধ্যে দায়িত্বের বোঝা নিচের স্তরে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু জবাবদিহি প্রায় অনুপস্থিত।
ডিজিটাল প্রযুক্তি ও বাস্তবতার ফাঁক
নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করেছে। এর অংশ হিসেবে চালু হয়েছে ECI BLO App, যার মাধ্যমে তথ্য যাচাইয়ের কাজ করা হয়। কিন্তু এই প্রযুক্তি অনেক ক্ষেত্রে সুবিধার পরিবর্তে নতুন সমস্যা সৃষ্টি করেছে।
অ্যাপটির “Re-Verify Logical Discrepancies” ফিচার অনুযায়ী তথ্যের মধ্যে সামান্য অসামঞ্জস্য থাকলেই আবেদন বাতিল হয়ে যাচ্ছে। নামের বানানের পার্থক্য, বয়সের সামান্য ভুল, লিঙ্গের ভুল রেকর্ড কিংবা পারিবারিক সম্পর্কের অসঙ্গতি—এসব কারণে বহু আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে।
ভারতের মতো দেশে যেখানে বহু মানুষ অশিক্ষা, স্থানান্তর, বিয়ের পর নাম পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক ত্রুটির কারণে নথিপত্রের সমস্যায় ভোগেন, সেখানে এই ধরনের কঠোর ডিজিটাল নিয়ম বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে প্রযুক্তি এখানে সহায়ক নয়, বরং একটি যান্ত্রিক বাধা হয়ে দাঁড়াচ্ছে।
শুনানি প্রক্রিয়া: সাধারণ মানুষের জন্য আরেক বাধা
যাদের আবেদন বাতিল হচ্ছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে বলা হচ্ছে। কিন্তু দৈনিক মজুরির শ্রমিক, বৃদ্ধ মানুষ, দূরে কাজ করা শ্রমিক বা শিক্ষার্থীদের পক্ষে এই প্রক্রিয়া অত্যন্ত কঠিন।
ফলে ভোটাধিকার রক্ষার জন্য নাগরিকদেরই প্রমাণের ভার বহন করতে হচ্ছে। রাষ্ট্রের প্রশাসনিক ত্রুটি সংশোধনের দায়ভার নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি
SIR প্রক্রিয়ার আরেকটি বিতর্কিত দিক হল বুথ লেভেল এজেন্ট নিয়োগে রাজনৈতিক প্রভাব। অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সমর্থকদের এই পদে বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব, ভয় দেখানো বা আর্থিক লেনদেনের মতো সমস্যা দেখা দিচ্ছে।
এতে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে এবং জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাগরিকত্ব আতঙ্ক ও অর্থনৈতিক শোষণ
আরও উদ্বেগজনক বিষয় হল ভোটার তালিকা সংশোধনের সঙ্গে নাগরিকত্ব প্রশ্নকে পরোক্ষভাবে যুক্ত করা। এর ফলে বিশেষ করে অভিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নাগরিকত্ব হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ভয়ের সুযোগ নিয়ে কিছু দালাল বা মধ্যস্থতাকারী টাকা নিয়ে ভোটার তালিকায় নাম নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে ভোটাধিকার একটি মৌলিক অধিকার না হয়ে অর্থের বিনিময়ে প্রাপ্ত একটি সুবিধায় পরিণত হচ্ছে।
প্রান্তিক জনগোষ্ঠীর ওপর প্রভাব
SIR প্রক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সমাজের প্রান্তিক মানুষের ওপর। আদিবাসী সম্প্রদায়, যাযাবর জনগোষ্ঠী, দূরে পড়াশোনা করা ছাত্রছাত্রী, যৌনকর্মী, লিঙ্গ বৈচিত্র্যময় মানুষ, অভিবাসী শ্রমিক কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার—এদের অনেকেরই নথিপত্র অসম্পূর্ণ বা পরিবর্তিত।
ফলে প্রশাসনিক নিয়মের কঠোর প্রয়োগ তাদের ভোটাধিকারকে অনিশ্চিত করে তুলছে। ঐতিহাসিকভাবে যারা ইতিমধ্যেই সামাজিক বঞ্চনার শিকার, তারা আবারও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়ার ঝুঁকিতে পড়ছেন।
উপসংহার: গণতন্ত্রের সংকট
ভোটাধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কিন্তু SIR-এর বর্তমান বাস্তবায়ন পদ্ধতি এই ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। প্রশাসনিক তাড়াহুড়ো, প্রযুক্তিগত কড়াকড়ি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সামাজিক আতঙ্ক—সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া একটি নতুন সংকটের মুখে দাঁড়িয়েছে।
যদি এই পরিস্থিতির দ্রুত পুনর্বিবেচনা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে গণতন্ত্র কাগজে-কলমে থাকবে, কিন্তু বাস্তবে নাগরিকদের অংশগ্রহণ ক্রমশ সংকুচিত হয়ে যাবে।
SIR-পরবর্তী বাংলার রাজনীতি: আতঙ্ক, মিথ্যা প্রচার এবং ভোটব্যাঙ্কের পুনর্গঠন
পূর্ববর্তী আলোচনায় আমরা দেখেছি কীভাবে Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া প্রশাসনিকভাবে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সরকারি ভাষ্যে এই প্রক্রিয়াকে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি বহু ক্ষেত্রে নাগরিকদের মধ্যে গভীর অনিশ্চয়তা, সামাজিক বিভাজন এবং রাজনৈতিক মেরুকরণের জন্ম দিয়েছে।
ভোটাধিকার গণতান্ত্রিক নাগরিকত্বের মৌলিক ভিত্তি। কিন্তু যখন সেই অধিকারই প্রশাসনিক জটিলতা, প্রযুক্তিগত ত্রুটি বা রাজনৈতিক প্রভাবের কারণে প্রশ্নের মুখে পড়ে, তখন তা শুধুমাত্র একটি প্রশাসনিক সমস্যা থাকে না; এটি বৃহত্তর রাজনৈতিক সংকটে পরিণত হয়। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এই সংকটের একটি স্পষ্ট উদাহরণ।
SIR-কে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্ককে বিভিন্ন রাজনৈতিক শক্তি ভিন্নভাবে ব্যবহার করছে। এর ফলে বাংলায় একদিকে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র হয়েছে, অন্যদিকে ভোটব্যাঙ্ক রাজনীতি নতুন আকার পেয়েছে।
SIR ও রাজনৈতিক প্রচারের বাস্তবতা
গ্রাউন্ড স্তরে দেখা যাচ্ছে যে SIR নিয়ে বিজেপি অত্যন্ত সংগঠিত প্রচার চালাচ্ছে। বিশেষ করে নিম্নবর্ণের তফসিলি জাতি (SC) এবং তফসিলি জনজাতি (ST) ভোটারদের মধ্যে এমন একটি ধারণা ছড়ানো হচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত মুসলিম ভোটারদেরই বাদ দেওয়া হবে।
এই প্রচারের ফলে অনেক হিন্দু নিম্নবর্ণের ভোটার মনে করছেন যে SIR তাদের স্বার্থরক্ষার একটি উপায়। কিন্তু বাস্তবে যে তথ্য সামনে আসছে, তা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখায়।
অনেক এলাকায় দেখা যাচ্ছে যে যেসব অঞ্চলে ২০১৯ সালের পর থেকে হিন্দু ভোটাররা ধারাবাহিকভাবে বিজেপিকে সমর্থন করেছেন, সেখানকার বৈধ ভোটারদের মধ্যেই নাম বাদ পড়া বা “বিচারাধীন” অবস্থায় চলে যাওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ যাদের ভোটের ওপর নির্ভর করে বিজেপি রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, তাদেরই একটি অংশ এখন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সমস্যার মুখে পড়ছেন।
মুর্শিদাবাদের উদাহরণ: সামসেরগঞ্জ ও নিমতিতা পঞ্চায়েত
এই বাস্তবতা বোঝার জন্য মুর্শিদাবাদ জেলার কিছু উদাহরণ গুরুত্বপূর্ণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জেলার অনেক এলাকায় হিন্দু ভোটাররা গত কয়েকটি নির্বাচনে উল্লেখযোগ্যভাবে বিজেপির দিকে ঝুঁকেছেন।
সামসেরগঞ্জ বিধানসভার অন্তর্গত সাতটি পঞ্চায়েতের মধ্যে নিমতিতা পঞ্চায়েত বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে নিম্নবর্ণের তফসিলি জাতিভুক্ত হিন্দুদের সংখ্যা উল্লেখযোগ্য।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিমতিতা পঞ্চায়েতে ভোটের ফলাফল ছিলো:
বিজেপি : ৮৭৫৬
তৃণমূল কংগ্রেস : ৫৯০৭
কংগ্রেস : ৭৫৮৩
এর আগের ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে বিজেপি একটি পঞ্চায়েত সমিতি এবং ছয়জন সদস্য জয়ী হয়েছিল। অর্থাৎ এলাকাটি রাজনৈতিকভাবে বিজেপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
কিন্তু SIR প্রক্রিয়ার সময় অভিযোগ উঠেছে যে বহু ভোটারের বাড়ির নম্বর “০” করে দেওয়া হয়েছে, যার ফলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়েছে বা “ডি-ভোটার” হিসেবে চিহ্নিত হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো একই এলাকায় ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রয়োগের অভিযোগ। কারও বাড়ির নম্বর “০” হলে তাকে অবৈধ বা সন্দেহভাজন ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আবার পাশের বাড়ির ক্ষেত্রেও একই অবস্থা থাকা সত্ত্বেও তার নাম বৈধ ভোটার তালিকায় থেকে যাচ্ছে।
এই ধরনের অসঙ্গতি প্রশাসনিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্ন তুলছে।
প্রশাসনিক কাঠামো ও আস্থার সংকট
SIR-কে ঘিরে আরও একটি বিতর্কের বিষয় হল নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামো। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বড় অংশ রাজ্যের বাইরে থেকে আসা আমলারা, যারা স্থানীয় সামাজিক বাস্তবতা সম্পর্কে যথেষ্ট অবগত নন।
এর ফলে অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের সময় স্থানীয় বাস্তবতা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
যখন নাগরিকদের ভোটাধিকার নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হয়, তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক।
বিচারাধীন ভোটার ও বাস্তব রাজনৈতিক হিসাব
বর্তমান পরিস্থিতিতে প্রায় ৬০ লক্ষ ভোটার “বিচারাধীন” অবস্থায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হচ্ছে। এর মধ্যে আনুমানিক ৪০ থেকে ৪৪ লক্ষ বাঙালি মুসলমান বলে ধারণা করা হচ্ছে।
এই পরিসংখ্যানকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল মূলত মুসলিম ভোটারদের প্রশ্নটিকেই প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছে। কিন্তু এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গ্রাউন্ড স্তরের অভিজ্ঞতা বলছে যে মুসলিম ভোটারদের মধ্যে ইতিমধ্যেই একটি শক্তিশালী নিরাপত্তা-ভিত্তিক ভোট প্রবণতা তৈরি হয়েছে। অর্থাৎ তারা এমন একটি রাজনৈতিক শক্তিকে সমর্থন করতে আগ্রহী যাকে তারা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্ত প্রতিরোধ হিসেবে দেখে।
বর্তমান পরিস্থিতিতে এই প্রবণতা তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করছে। ফলে অনেক পর্যবেক্ষকের মতে মুসলিম ভোটের ৯০ শতাংশের বেশি তৃণমূলের দিকে একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিন্দু ভোটারদের ক্ষতি ও রাজনৈতিক নীরবতা
অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে ২৮ ফেব্রুয়ারির ভোটার তালিকায় প্রায় ৫.৫ লক্ষ বৈধ ভোটারের নাম মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে এর মধ্যে ৮৫ শতাংশের বেশি হিন্দু, মতুয়া বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
এই ধরনের ভোটারদের পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা বিচারাধীন ভোটারদের তুলনায় অনেক কঠিন হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে তাদের “মৃত” হিসেবে চিহ্নিত করা হয়েছে বা স্থায়ীভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তবুও রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে। ফলে সাধারণ হিন্দু ভোটারদের একটি অংশ মনে করছেন যে তাদের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।
ভয়ের রাজনীতি ও ভোট কনসলিডেশন
এই পরিস্থিতিকে বিজেপি একটি রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
গ্রাউন্ড স্তরে প্রচার চালানো হচ্ছে যে SIR মূলত মুসলিম ভোটারদের বিরুদ্ধে পরিচালিত একটি প্রক্রিয়া। ফলে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে মুসলিম ভোট আবার শক্তিশালী হয়ে উঠবে—এই ধরনের যুক্তি সামনে আনা হচ্ছে।
এর ফলে অনেক হিন্দু ভোটারের মধ্যে এমন ধারণা তৈরি করা হচ্ছে যে বিজেপিকে পরাজিত করা মানেই মুসলিম রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাওয়া।
এই ধরনের প্রচার নির্বাচনের আগে হিন্দু ভোট কনসলিডেশনের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করতে পারে।
মুসলিম ভোটের দ্বিধা ও সামাজিক সম্পর্ক
তবে মুসলিম ভোটারদের রাজনৈতিক আচরণও একমাত্রিক নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ভোট দেওয়ার আগে নিজেদের সামাজিক পরিবেশের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেন।
যদি তারা অনুভব করেন যে তাদের হিন্দু প্রতিবেশীরা একতরফাভাবে বিজেপির দিকে ঝুঁকছেন এবং মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন, তাহলে তারা প্রায় বাধ্য হয়ে সেই শক্তিকে সমর্থন করবেন যাকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।
কিন্তু যদি তারা দেখেন যে তাদের হিন্দু প্রতিবেশীরাও SIR-এর মতো বিষয় নিয়ে অসন্তুষ্ট এবং বিজেপি বা নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করছেন, তাহলে মুসলিম ভোটারদের একটি অংশ বিকল্প রাজনৈতিক শক্তির দিকে তাকাতে পারেন।
এই সামাজিক সম্পর্কের বিষয়টি বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসংহার
SIR-কে কেন্দ্র করে বাংলার রাজনীতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। প্রশাসনিক অনিশ্চয়তা, নাগরিকত্বের আতঙ্ক, রাজনৈতিক প্রচার এবং সামাজিক বিভাজন—সব মিলিয়ে একটি গভীর সংকট তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে প্রয়োজন একটি স্বচ্ছ ও মানবিক প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে ভোটাধিকার রক্ষাই হবে প্রধান লক্ষ্য। একই সঙ্গে রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে যে ভয় ও মেরুকরণের রাজনীতি দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে দুর্বল করে।
বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে এই প্রশ্নের ওপর—ভোটাধিকার কি নাগরিকদের মৌলিক অধিকার হিসেবেই থাকবে, নাকি তা ধীরে ধীরে রাজনৈতিক কৌশলের একটি যন্ত্রে পরিণত হবে।