আমাদের উৎসব , আমাদের বুকস্টল
সাহিল মন্ডল
প্রথম সেমিস্টারে এসে জেনেছিলাম আমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের ছাত্র ফেডারেশন করি তাদের পুজো, ঈদ আর বড়দিন ছাড়া বছরে আরও দুটো উৎসব হয়, এক কনফারেন্স, দুই বুকস্টল। সেপ্টেম্বর মাসে ৩২তম আঞ্চলিক কমিটির সম্মেলন হলো ধুম ধাম করে। অনেক বছর পর কলেজ স্ট্রীট ক্যাম্পাসে আঞ্চলিক কমিটির কনফারেন্সে হলো। বিরিয়ানি হলো। হলো স্লোগান। হলো রেড স্যালুট। হলো কান্নাকাটি । হলো হাসি।
একটা উৎসব শেষ। একটা উৎসব শেষ হতেই ভারতবর্ষের রীতি মেনে,পরের উৎসবের পরিকল্পনা শুরু। পরিকল্পনা শুরুর জন্য শুরু হলো আলোচনা। প্রথমেই পিয়ালী ,শ্রুতি আর সায়ন বলল কনফারেন্সের জন্য টাকা খরচ হয়ে গেছে ।বুকস্টলের জন্য ফান্ড কোথায় পাবো?
এন্ট্রি নিল মাছ প্রজাতির লোক, পাবদা। একের পর এক ফোন। আর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রক্তনীরা টাকা পাঠায়। মনে হয় বুক স্টল করা এবার সম্ভব। এবার দরকার বইয়ের লিস্ট করা। আমি যিশুদা বই দাগানোর কাজে ফাঁকি দিলে পাবদা নিজেই বই দাগাতে শুরু করলো। তবে বইয়ের লিস্ট করার যে কি মানে বুঝলাম না। একটাও বই বাদ যাচ্ছে না। প্রত্যেকটা বই বুকস্টলে থাকবে বলে দিচ্ছে। সব বই কেনো দাগ দিচ্ছ বলে প্রশ্ন করলে পাবদা বলে, ‘সব বইয়ে সমাজতন্ত্র’।সায়নকে দায়িত্ব দেওয়া হলো জুনিয়রদের সাথে বই পাবলিশার থেকে কালেক্ট করার কাজ ।
তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস,বুক স্টলের পারমিশন। প্রথম কাজ কর্পোরেশনে চালান কাটানো। কোথায় কখন যেতে হবে , সব সামলে নিলো সপ্তর্ষি। সময় মতো এসে প্রত্যেকটা জায়গায় নিয়ে গেলো ।
চালান কাটানোর জন্য।কোন দপ্তরে যেতে হবে আমি আর যীশুদা দুজনেই জানি না। কোথায় যেতে হবে বলে দিলো অর্জুনদা। তবে দুটো ল্যাধখোর ছেলে যদি একসাথে কাজ করে তাহলে যা হয় আরকি। ওয়ার্ড অফিসে না গিয়ে তৃণমূলের আমলের পার্টি অফিস গিয়ে রোজ তালা ঝুলতে দেখে পাঁচ দিন ফিরে এলাম আমি আর যীশুদা। প্রত্যেক দিন তালা ঝুলতে দেখে আসে পাশের মানুষকে জিজ্ঞেস করলাম, ‘ইয়েহ অফিস কাব খুলতা হে’। সবাই মাথা নেড়ে বলে যে ‘ইয়ে তো বাঁধ রেহতা হে’। আমরা হতাশা আর অবাক হয়ে জিজ্ঞেস করি কেনো? উত্তরে তারা জানায় ‘ইতনা পাইসা খায়া সব জান লেকে ভাগা’।বিধ্বস্ত অবস্থায় জোনে ঢুকে অর্জুনদাকে বললাম,’এমন একটা দপ্তরে পাঠালে রোজ বন্ধ থাকে‘।শুনে অর্জুনদাও অবাক। Guess what আর দশ পা এগিয়ে গেলেই ওয়ার্ড অফিস। ওয়ার্ড অফিস পাওয়া গেলো।
ওখানে আবার আলাদা সমস্যা । নতুন করে লাগবে পুলিসের পারমিশন। ওটা ছাড়া চলান কাটবেন না দপ্তরের অফিসার। ছুটে গেলাম জোড়াসাঁকো থানা প্রিয়ানকাদিকে সাথে করে। সঙ্গে সঙ্গে হয়ে গেলো পুলিশের পারমিশন। পুলিশ না বলার কোনো কারণ দেখলো না। দিন শেষে একটা বুকস্টল করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জমা পড়ল পারমিশন। হলো চালান।একটা বড়ো চাপ নামলো। বুকস্টল হচ্ছে জানিয়ে দিলাম সবাইকে।
নভেম্বরের সতেরো থেকে বুকস্টল। ষোলো তারিখ সন্ধ্যেবেলা অরিত্রের ব্যাকড্রোপের কাজ শেষ ।শ্রুতির বোর্ড আর টিফো লেখা শেষ। পিয়ালীর কোর্ট থেকে টাকা কালেক্ট করা শেষ। সায়ানের বই তোলা শেষ। সময়িতাদির রোজ টিফিন বানিয়ে আনার দায়িত্ব শেষ। আমার আর যিশুদার ফোনে নিমন্ত্রণ করা শেষ।লাস্ট কাজ বাকি, পুজোর শেষ কাজটার মত , প্যান্ডেল বাঁধা।একজনের ফোনের অপেক্ষায় আমি আর যিশুদা জোনে বসে। ফোন এলো । ফোনে জানালো মহাবোধীর সামনে আসতে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়া। কিছুক্ষণের মধ্যেই আসবে ডেকোরেটরের লোক। অখিলেশের কাছে চা নিয়ে এবার অপেক্ষা ।
হঠাৎ দেখি একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো ঠিক যেখানে বুকস্টল হবে। কিছু সেকেন্ডের মধ্যে ভ্যানের পিছনে এসে দাঁড়ালো একটা পুলিশের গাড়ি। সেই গাড়ির পিছনে আবার প্রিজন ভ্যান। গোটা কুড়িটা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো বুকস্টলের এলাকা । না বুঝতে পেরে পুলিশকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। পুলিশ বলে আমাদের কাছে নাকি পারমিশন নেই। পারমিশনের কাগজ দেখালে পুলিশ জানায়, পুলিসের উপরের দপ্তরের বাবু নাকি বলেছে বুকস্টল হবে না। পারমিশন নাকি রিজেক্ট করা হয়েছে। কারণ জিজ্ঞেস করলে , কারণ দেখাতে পারে না পুলিশ ।অর্জুনদা, দেবাঞ্জনদা, সুনেত্রাদি ,শুভদীপদা ,হাসিবদা, অমিতদা, ঐন্দ্রিলাদি সবাই জড়ো হলো ক্যাম্পাসের সামনে । পুলিশ স্পষ্ট জানালো সব পারমিশন ও চালান থাকা সত্ত্বেও বুকস্টল করতে দেবে না। দীর্ঘ দুই মাসের সব প্রস্তুতি মনে হচ্ছিল জলে গেলো। সবার চোখের কোনো জল জমল। কিন্তু কাঁদলে হবে না। কারণ ফিদেল কাঁদেনি ।১৯৫৬ সালের মাঝামাঝি, নৌকা করে সাগর পার করে কিউবার উপকূলে পৌঁছে ঝকঝকে দিনের আলোয় বাতিস্তার সেনার আক্রমণে ঝাঁঝরা হয়ে যখন সিয়েরা মায়েস্ট্রো পাহাড়ে কমরেডরা এককৃত হয়েছিল তখন তাদের সংখ্যা মাত্র ১২ । ফিদেল যদি হতাশ হয়ে পড়ত তাহলে কি কিউবান বিপ্লব হতো ? হতো না। তাই ফিদেলের কৌশল মেনে, নিজেদের সম্মিলিত করলাম এক জায়গায়। ফোন শুরু হলো সবাইকে। সবাইকে জানানো হলো ব্যাটিস্টার সেনার মতো কলকাতা পুলিশ অবিচার করছে। শুরু হলো সবাইকে জুড়ে নেওয়ার কাজ। শুরু হলো প্ল্যানের কাজ।
সবার এক মত, বুক স্টল হবে। প্যান্ডেল না হলেও হবে। রাস্তায় হবে। পরের দিন সকালে ফিদেলের মতো সবাইকে জুড়ে নেওয়ার রাজনীতির ফলাফল পেলাম চোখের সামনে। সবাই সংগঠিত হয়েছে বুকস্টল করবে বলে। ঠিক যেমন গোটা কিউবা সংগঠিত হয়েছিল বাতিস্তাকে হারাবে বলে। একটা বড় জমায়েত জড়ো চোখের সামনে। বাংলার বাতিস্তাকে বুড়ো আঙুল দেখানোর স্পিরিট সবার মধ্যে।মিছিল করে যাওয়া হলো কলেজ স্ট্রিট। ফিদেল, চে, রাউল আর কিউবার বিপ্লবে অংশগ্রহণকারী কমরেডদের মতো আমাদের কাছেও কোনো দামি রিসোর্স ছিল না। হাতে ছিল সাদা পতাকা। আর একটা হতে বই। কিউবার বাতিস্তার সেনা আর বাঙলার বাতিস্তার পুলিশের সামনে এই resource খুবই সামান্য ব্যাপার। কিন্তু দেশপ্রেম,জেদ আর তারুণ্যের সামনে কোনো রকম প্রতিকূলতা দাঁড়িয়ে থাকতে পারে না। রাস্তার উপর প্রথমে পাতা হলো কাগজ ।তার উপরে বই রাখা হলো।বই বিক্রি শুরু হলো কলেজ স্ট্রীটের ঐতিহাসিক ট্রামলাইনে। 30 মিনিটে বিক্রি হলো ৪০০০টাকার বই। সহ্য হলো না বাতিস্তার পুলিশের। বই কেড়ে নিয়ে চলে গেলো কলকাতা পুলিশ। বই নিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা আটকাতে গেলে অ্যারেস্ট হয় একধিক ছাত্রছাত্রী। সবাইকে নিয়ে যাওয়া হলো লালবাজার। একাধিক ছাত্রছাত্রীরা আহত, রক্তাক্ত। পুলিশ জল দিচ্ছে না। সাহায্য করছে না। আগে কোনদিন লাল বাজারে যাওয়ার অনুভূতি নেই। ছোটবেলায় বাংলা সিনেমায় দেখছি দাগি আসামিদের নিয়ে আসা হয় লালবাজারে। সেই একই জায়গায় নিয়ে আসা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। পার্থক্য করলো না কলকাতা পুলিশ। ভয়ে ভয়ে ভিতরে ঢুকছি। কিন্তু কিসের ভয়। প্রিয় মানুষরা যেখানে সেখানে আবার কিসের ভয়। আমাকে দেখে হো হো করে গলায় জড়িয়ে ধরলো প্রত্যুষ। সে কি আনন্দ। অনেকদিন পর ছোটবেলার বন্ধুকে দেখতে পাওয়ার মতো আনন্দ। একটা ছোট্ট ঘরে ভরে দেওয়া হলো আমাদের সবাইকে। একচল্লিস জন একটা ছোট্ট ঘরে দাঁড়ালাম।ফাঁকায় বসে থাকতে মন চায় না। শুরু হলো গান গাওয়া। গাওয়া হলো বোহেমিয়ান রাপসোডি, হোটেল ক্যালিফোর্নিয়া, ফসিলস, অঞ্জন দত্ত, শ্যামা সঙ্গীত এবং আরও অনেক গান। শুভদীপদা বলে উঠল ‘আহা, এই বাংলায় কি বিজেপি শাসন করতে পারে?’ । কিন্তু অদ্ভুত বিষয় এক দিকে যেমন গান চলছে একই সাথে কিন্তু ওই লাল বাজারের ছোট্ট ঘরেই চলছে পুলিশের বিরুদ্ধে পরবর্তী একশন প্ল্যান। ভাবলেও অবাক লাগে । অনেকটা ফিদেল আর চের হাভানায় এন্ট্রি নেওয়ার মতো ব্যাপার। খোদ বাতিস্তার ক্যাপিটলে ঢুকে পড়েছে কমরেডরা। বাতিস্তার উপায় ছিল না। দেশ ছাড়তে হয়েছিল। লালবাজারের পুলিশেরও উপায় রইল না । দিতে হলো বুক স্টল করবার পারমিশন। সন্ধ্যে ছটা নাগাদ সোয়া বিন আর আলুর তরকারি দিয়ে রুটি খেয়েই ছাড়া পেলাম প্রত্যেকে। লাল সেলামে বরণ করে নিলো আমাদের মুক্তির অপেক্ষায় থাকা অসংখ্য কমরেডরা। ঠিক যেমন ভাবে বরণ করেছিল কিউবার মানুষ ফিদেল , চে আর বাকি কমরেডদের। মিল আছে । মিল থাকবে। একই স্ক্রিপ্ট। ধরন আলাদা।
তবে কিউবায় বিপ্লব হয়ে যাওয়ার পরেও,আমেরিকা যেমন বারে বারে নানান ভাবে কিউবার ক্ষতি করার চেষ্টা করেছে। ওইভাবেই বাংলার বর্তমান ফ্যাসিস্ট সরকার আবার সেই আমেরিকার রাজনীতি চালু করলো। নিজে কিছু করলো না। শুরু করলো প্রক্সি ওয়ার। এগিয়ে দিলো এবিভিপিকে।
এবিভিপির বর্বরগুলো শুরু করলো বুকস্টলে বিশৃঙ্খলা তৈরি করা দিয়ে। আমেরিকার প্রক্সি ওয়ারে ইউনাইটেড নেশনের ভূমিকা পালন করলো পুলিশ।পুলিশ আবার সেই ইউনাইটেড নেশনের মতো আমাদের দেখালো যে আমরা তো তোমাদের ক্ষতি হতে দিচ্ছি না । আবার চোখ টিপে এবিভিপির বর্বরদের বোঝালো কিচ্ছু করব না , যা পারো করো । গোটা বিশ্বজুড়ে আমেরিকার প্রত্যেকটা যুদ্ধে ইউনাইটেড নেশন যেমন নীরব দর্শক হয়ে থাকে, ঠিক একই ভাবে নীরব হয়ে কলেজ স্ট্রিটকে রণক্ষেত্র হতে দিলো পুলিশ। এবিভিপি বই নষ্ট করার জন্য ছুরলো নোংরা জল। ভারতবর্ষের জাতীয় পতাকার উপর ছুরলো ডিম। ছুরলো বম্ব। পুলিশ ভ্যাবা কান্ত বাবার মতো দাঁড়িয়ে দেখলো সব।
বিপ্লব সহজ না। ভগৎ সিংয়ের জন্যেও সহজ ছিল না। সহজ ছিল না চের জন্যেও। কিন্তু মাস তো নভেম্বর। কঠিন সমস্যাকে এক হাত বাড়িয়ে সহজ করে দিতে পারে যে, তার মাস।লেনিনের মাস।
সংগ্রামী বইপত্রের পঞ্চম বর্ষ। আগের চার বছর থেকে আলাদা কী করা যায়, ভেবে ভেবে আমার যীশুদার মাথা খারাপ। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হলো। আগের চার বছর থেকে একদম আলাদা রূপে প্রতিকূলতা পেরোনোর জন্য নেওয়া হলো ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রথমবার সংগ্রামী বইপত্র পরিকল্পিত হলো লাল বাজার থেকে। প্রথমবার সংগ্রামী বইপত্রের বই বিক্রি হলো অনলাইনে। বাতিস্তার বিরুদ্ধে জিতলো শয়ে শয়ে ফিদেল আর চে।
প্যান্ডেল হয়নি। তাই পুরোটাই এখন অনলাইন। প্রথা বদলাতে কষ্ট হয়। তবে এক রেল ইউনিয়ন নেতা বলেছিল, “চেঞ্জ ইজ দি অনলি সায়েন্স”।
বাকিটা সেই সাইন্সকে ফলো করে।
ভয় হচ্ছিল, জুনিয়ররা হয়তো ভয় পাবে। পায়নি। বরং প্রতিদিন আমাদের সিনিয়রদের খবর নিয়েছে জুনিয়ররা। জানিয়েছে তারা এই লড়াই এগিয়ে নিয়ে যাবে। জুনিয়ররা ওদের বন্ধুদের জানিয়েছে , ‘হাম দেশ বাচানে নিকলে হে, আও হামারে সাথ চলো’।
একদিকে জুনিয়ররা যেমন পিছনে দাঁড়িয়ে ব্যাক সাপোর্ট দিচ্ছিল সিনিয়ররা সামনে দাঁড়িয়ে আগলে রাখছিল আমাদের সবাইকে । মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে মাথা ঠাণ্ডা রাখতে হবে ।
সবার মধ্যে ভগৎ সিংহ ।সবার মধ্যে ফিদেল। জয়ী হলো ভগৎ সিংহ।জয়ী হলো ফিদেল । জয়ী হলো লেনিন।
জয়ী হলো নভেম্বর ।জয়ী হলো বইপত্র। জয়ী হলো সংগ্রাম। জয়ী হলো সংগ্রামী বইপত্র।