এটা মবের মুলুক…!
ঋতঙ্কর দাস
দুপুরে সি.এম এলেন। বিকেলে দেখা করে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা মিডিয়া তখন একটা বাইটের জন্য চিৎকার করছে। নির্যাতিতার পরিবারের সকলেই জানালেন তাদের বলার আগেই প্রায় সব কিছুই সি.এম স্যার বলে দিয়েছেন। আলাদা করে চাওয়ার খুব একটা কিছু ছিলই না। সিনেমার ক্লাইম্যাক্সের অপেক্ষা করছে দর্শকরা। ঠিক এমন সময়ই বিরতি। বিরতির পর আজ সকালে ঘুম থেকে উঠে সবাই জানতে পারছে জাস্টিসের ডেলিভারি হয়ে গেছে। যেভাবে শুধু সন্দেহের বশে দিন তিনেক আগে একজনকে মব জাস্টিস দেওয়া হয়েছিল, তেমন ভাবেই ৭২ ঘন্টার ডেডলাইন সিংহাম অফিসাররা আর্জেন্টিনা খেলা দেখা শেষ করে বেরিয়ে পড়ল রিকনস্ট্রাকশন করতে। ব্যাস তারপরেই রিপালবিকের স্বর্নালীর কথা মতো গেম ওভার। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস।
সি.এম বলেছেন জিরো টলারেন্স। কিন্তু কিসের প্রতি জিরো টলারেন্স, সেটা তো বলেননি। তাই দোষ নাই। স্টেশনে হকারদের প্রতি জিরো টলারেন্স। দোকান ভাঙো। বিরোধী দলের নেতা জিরো টলারেন্স। ডিম ছোড়ো। অভিযুক্ত। পিটিয়ে মারো নাহলে এনকাউন্টার। জিরো টলারেন্স…
ধর্ষক, খুনিদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। কিন্তু শাস্তির নামে আসলে অপরাধের বা অপরাধীদের আড়াল করে দেওয়া হচ্ছে কি না ভাবার প্রয়োজন আছে। যে ব্যক্তিকে থানায় নিয়ে আসার ভিডিও রয়েছে, নির্দিষ্ট বয়ান রয়েছে ক্যামেরার সামনে তাকে মেরে ফেলতে পারলে আসলে অপরাধীদের সংখ্যা, নাম, রাজনৈতিক পরিচয় সবই তো লুকিয়ে ফেলা যায়! গণ পিটুনিতে খুন হওয়া ব্যক্তিকে নিরপরাধী বলে ঘোষণা করে ফেললেন শুভেন্দু বাবু। এখন প্রশাসনিক প্রধান বিচারবিভাগের দায়িত্ব হয়তো নিয়ে ফেলেছেন। আগে তদন্ত হয়ে সিদ্ধান্ত ঘোষণা হতো কিন্তু এখন ওনার সিদ্ধান্ত ঘোষণা অনুযায়ী তদন্ত হবে । নিউ নর্মাল। আর যদি ধরে নেওয়া যায় ওই মৃত ব্যক্তি নিরপরাধ তাহলে সহজেই অনুমান করা সম্ভব, বিচারের আগেই পিটিয়ে মারা বা গুলি করে মারা আসলে কতটা ভুল এবং অন্যায় কাজ। মুহূর্তের প্ররোচনায় মানুষের জীবন কেড়ে নেওয়ার ঘটনা আর যায় হোক, সুশাসন হতে পারে না।
সোহরাওয়ার্দী সরকারের উপমুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদরা তো এই জিরো টলারেন্সের ইতিহাসই রচনা করেছিলেন গ্ৰেট ক্যালকাটা কিলিং’র সময়। তাহলে তাকে উদযাপন করে যারা তারা তো এই মবের মুলুকই চাইবে। সেটাই তো স্বাভাবিক।
আর সেটা স্বাভাবিক বলেই প্রিভেন্টিভ অ্যারেস্ট এখন আইন হচ্ছে। যাক গে, এখন আর ইনটলারেন্স নামক শব্দটা শুনতে হয় না। এখন এই মবের মুলুকে নিউ নর্মাল জিরো টলারেন্স।
ওয়েলকাম টু মবের মুলুক…
Great content! Keep up the good work!